ঝড়ের আশঙ্কা সাত অঞ্চলে, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৮:৪৯ এএম

আজ দুপুরের আগেই দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৭টায় দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়েছে, যা আজ দুপুর ১টা পর্যন্ত বলবৎ থাকবে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে।

এই অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকাসহ এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত