দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) সাবেক চেইনম্যান (শিকলবাহক) নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান। বাদী ও আসামি পক্ষের শুনানি শেষে মঙ্গলবার ( ২৯ জুলাই) এই আদেশ দিয়েছেন আদালত।
আগামী ধার্য তারিখে সাক্ষ্য শুরু হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মাহমুদুল হক। নজরুল ছাড়া অন্য তিন আসামি হলেন জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক অফিস সহকারী তছলিম উদ্দিন, এলএ শাখার সাবেক সার্ভেয়ার মো. সেলিম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) মুরাদপুর শাখার সাবেক ব্যবস্থাপক (অপারেশন) ইব্রাহিম মিয়া। এর মধ্যে নজরুল ও তছলিম জামিনে রয়েছেন এবং ইব্রাহিম পলাতক।
দুদক জানায়, ২০১৯ সালের ৭ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক চেইনম্যান (শিকলবাহক) নজরুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী তছলিম উদ্দিন নগরের চিটাগাং শপিং কমপ্লেক্সের একটি দোকানে দুদকের হাতে ধরা পড়েন। দোকানটি নজরুলের স্ত্রীর মালিকানাধীন। ওই সময় নজরুলের কাছে ঘুষের নগদ ৮ লাখ ৭ হাজার টাকা ও ঘুষ বাবদ বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে নেওয়া ৯১ লাখ ৮৩ হাজার টাকার চেক পাওয়া যায়। এ ঘটনায় দুদক মামলা করে। ধরা পড়ার পর নজরুল ও তছলিমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
সাড়ে চার বছর তদন্ত শেষে দুদক গত বছরের ২৫ সেপ্টেম্বর এ মামলার অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে নজরুল ও তছলিম ছাড়াও এলএ শাখার সাবেক সার্ভেয়ার মো. সেলিম, ‘দালাল’ নাসির আহমেদ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) নগরের মুরাদপুর শাখার সাবেক ব্যবস্থাপক (অপারেশন) ইব্রাহিম মিয়াকে আসামি করা হয়। তবে নাসির আহমেদ পরে মারা গেছেন।