২৫ কোটি ডলার বিনিয়োগ করবে হংকংয়ের হান্ডা

হংকংভিত্তিক টেক্সটাইল ও অ্যাপারেল চেইন হান্ডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি বাংলাদেশে ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হান চুন গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ পরিকল্পনার কথা জানান।

হান্ডা প্রাথমিকভাবে বাংলাদেশের টেক্সটাইল খাতে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। পাশাপাশি ২০২৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রতিষ্ঠানটি। পরে আরও মূল্যায়নের পর ও বাংলাদেশের কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি তাদের বিনিয়োগ পরিকল্পনা বাড়িয়ে আনুমানিক ২৫০ মিলিয়ন ডলার নির্ধারণ করে।

হান্ডা এখন বাংলাদেশে তিনটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দুটি গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডাইং ইউনিট থাকবে, যা প্রায় ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

হান চুন বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে আলোচনা করে আমরা আত্মবিশ্বাস পেয়েছি, তাই বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এই প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই।’

বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট হেং জেলি উপস্থিত ছিলেন।