বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় শহরের বড়বাজার জামে মসজিদের সামনে সচেতন আলেম সমাজ ও ছাত্র-জনতার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ কর্মসূচিতে গত ২৭ জুলাই নেত্রকোনায় এনসিপির পদযাত্রায় অংশগ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে জানিয়ে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে পাটওয়ারীকে তার বক্তব্য প্রত্যাহার করে জনতার কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা দফায় দফায় কর্মসূচি পালন করবেন।
বিক্ষোভ সমাবেশের বিএনপির নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ্য করে বলেন, গত ১৭ পর বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ লুৎফুজ্জামান বাবরকে নির্যাতন করে যে রক্ত ঝরিয়েছে সে রক্ত এনসিবির নেতাকর্মীদের শরীরেও নেই। তাই বিএনপির নেতাকর্মীদের নিয়ে ভেবেচিন্তে বক্তব্য দেওয়ার আহ্বান জানান তারা। সমাবেশে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহী বলেন, বিরূপ মন্তব্যের জন্য দ্রুত ক্ষমা চাইতে হবে অন্যথায় ময়মনসিংহের আলেম সমাজ এনসিপির বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।