সিরিজ বাঁচানোর লড়াইয়ে বুমরাকে পাচ্ছে না ভারত

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই জানা গিয়েছিল, ভারতের পেসার জাসপ্রিত বুমরা সব ম্যাচে খেলবেন না। বুমরা খেলেছেন প্রথম টেস্টে, দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন। এরপর খেলেছেন তৃতীয় ও চতুর্থ টেস্ট। এবার জানা গেল, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ওভাল টেস্টে তিনি খেলছেন না। দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং বুমরার পিঠের চোট নিয়ে ঝুঁকি না নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চতুর্থ টেস্ট ড্র হওয়ার পর সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। তাই ওভাল টেস্ট ভারতের জন্য বাঁচা-মরার ম্যাচ। সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জিততেই হবে। যদিও ভারতের কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন, বুমরা ওভাল টেস্টের জন্য প্রস্তুত; কিন্তু দুই দিন পরই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। অবশ্য ম্যানচেস্টারে সর্বশেষ টেস্টে বুমরা ততটা কার্যকর ছিলেন না। এক ইনিংসে বোলিংয়ের সুযোগ পেয়ে ৩৩ ওভারে দিয়েছেন ১১৫ রান।

৩ টেস্ট খেলা বুমরা এখন পর্যন্ত ১৪ উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। শেষ ম্যাচে তার জায়গায় পেসার আকাশ দীপকে ফেরানো হবে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। চোটের কারণে তিনি চতুর্থ টেস্টে খেলতে পারেননি। বুমরার অনুপস্থিতিতে ওভালে ভারতের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ সিরাজ। তৃতীয় পেসার হিসেবে জায়গা হতে পারে প্রসিদ্ধ কৃষ্ণা বা অর্শদীপ সিংয়ের।

এই ম্যাচে ভারতীয় দলে আরো্ দুঃসংবাদ আছে। ম্যানচেস্টার টেস্টে পায়ে মারাত্মক চোট পাওয়া রিশাভ পান্ত খেলতে পারবেন না। পন্ত ছিটকে যাওয়ায় উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলবেন ধ্রুব জুরেল। কিন্তু তার ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা না থাকায় শার্দূল ঠাকুরকে নেওয়া হতে পারে। স্পিন বিভাগে আগের মতোই রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর থাকবেন। একাদশের বাইরে থাকতে হবে কুলদীপ যাদবকে।