বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী আমাদের সমাজে একজন আলোকিত মানুষ। তিনি বিমান দুর্ঘটনায় নিজের জীবন তুচ্ছ করে ২০ জন শিক্ষার্থীর জীবন রক্ষা করেছেন। যা আমাদের দেশে অনন্য দৃষ্টান্ত। তিনি আমাদের এক সাহসী মহীয়সী শিক্ষিকা।
বুধবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে নীলফামারীর জলঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্রাজেডিতে নিহত বীর শিক্ষিকা ও প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পেক্ষাপট ও আগামী জাতীয় নির্বাচনের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি তার জন্মলগ্ন থেকেই সংস্কারে বিশ্বাসী দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কারের সূচনা করেন এবং খালেদা জিয়া আনেন সংসদীয় সরকার ব্যবস্থা।
তিনি বলেন, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাতিল করে খালেদা জিয়া সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেন- এটিও বড় একটি রাজনৈতিক সংস্কার। নারীর শিক্ষা, মতায়ন, ভোটাধিকারের বাস্তবায়ন- প্রতিটি ক্ষেত্রেই বিএনপি রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে ডা. জাহিদ বলেন, ১৯৯৬ সালে জনগণের দাবিতে বিএনপিই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত করেছিল। নিজের দলের স্বার্থ নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে বিএনপি।
এ সময় জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত দুটি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন আয়োজন করেছিল। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমার তত্ত্বাবধায়ক সরকার এক বছরেও তা পারেননি। সংস্কারের নামে যতই সময় পার হবে ততই নির্বাচনকে প্রলম্বিত করা হবে।
বিএনপির অধীনে চাঁদাবাজি ছড়িয়ে গেছে- এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপি ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কথা বলার সময় চিন্তা করে বলবেন। চাঁদাবাজি করতে গিয়ে কারা হাতে-নাতে ধরা পড়ছে তা দেশের মানুষ দেখছে। আপনারা (এনসিপি) সদ্য জন্মগ্রহণ করেছেন। অনেক পথ পাড়ি দিতে হবে, সেটির জন্য প্রস্তুতি নিন আপনারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, একটি মামলা উচ্চ আদালতে আপিলে রয়েছে সেটি নিষ্পতি হলেও দেশেরমাটিতে পা রাখবেন তারেক রহমান। নির্বাচনে অংশ নিয়ে দেশ ও সরকার ব্যবস্থাপনা সঠিক পরিচালনার দায়িত্ব নেবেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সদস্য আলহাজ্ব সৈয়দ আলী, গোলাম মোস্তফা রঞ্জু, শেফাউল জাহাঙ্গীর আলম সেপু, আবু সাঈদ চৌধুরী ডিডুসহ জেলা ও জলঢাকা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।