ওভালে খেলা হচ্ছে না স্টোকসের, ইংল্যান্ড দলে চার পরিবর্তন

ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। কাঁধের চোটে অধিনায়ক বেন স্টোকস এবং চোটগ্রস্ত পেসার জোফরা আর্চার ছিটকে গেছেন ওভালের শেষ টেস্ট থেকে। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্টোকস পেশির ছিঁড়ে যাওয়ার চোটে ভুগছেন বলে জানা গেছে, যার মানে হচ্ছে অলরাউন্ডারকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হলে ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন।

“আমি যে সিরিজটা শেষ করতে পারছি না, সেটা অবশ্যই হতাশাজনক,” বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ স্টোকস বলেন। “আমার একটা পেশিতে ভালো পরিমাণ ছিঁড়ে গেছে — নামটা আমি ঠিক বলতে পারি না, উচ্চারণ করতে পারি না — কিন্তু আমরা যতটা সম্ভব সময় নিয়েছি সিদ্ধান্তটা নেওয়ার আগে। এটা ছিল এমন এক পরিস্থিতি, যেখানে ঝুঁকি ও লাভের হিসেব করতে হচ্ছিল, কিন্তু ঝুঁকিটা এতটাই বড় ছিল যে আরও ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। আমি কখনোই আমার কোনো সতীর্থকে এমন চোটের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।

তিনি জানান, “চিকিৎসক দলের সঙ্গে কথা বলা, কোচ বেন ম্যাককালামের সঙ্গে আলোচনা এবং সকালে একাই বিশ মিনিট সময় নেওয়া দরকার ছিল যেন আমি পুরোপুরি নিশ্চিত হতে পারি আমাদের নেওয়া সিদ্ধান্তটা সঠিক ছিল।”

স্টোকস আরও বলেন, '“আমি এখন পুনর্বাসন শুরু করব এবং সামনে শীতকালের যে গুরুত্বপূর্ণ সিরিজগুলো আছে, সেগুলোর দিকেই মনোযোগ দেব।'' ইংল্যান্ডের টেস্ট ম্যাচ আবার আগামী শীতে অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাশেজ সিরিজ। 

স্টোকসের জায়গায় ব্যাটিংয়ে পাঁচ নম্বর পজিশনে সুযোগ পাচ্ছেন তরুণ জ্যাকব বেথেল। 

লিয়াম ডসনকে ফিরে আসার এক ম্যাচ পরেই বাদ দেওয়া হয়েছে, কারণ ইংল্যান্ড এই ম্যাচে কোনো মূল স্পিনার খেলাচ্ছে না। অন্যদিকে পেসার জোফরা আর্চার ও ব্রাইডন কার্সকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে তিনজন নতুন পেসার যুক্ত হয়েছেন—সারের জুটি গাস অ্যাটকিনসন ও জেমি ওভারটন নিজ মাঠে ফিরেছেন এবং জোশ টাং একাদশ সম্পূর্ণ করছেন।

দুই দলের মধ্যে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি শুরু হবে শুক্রবার, লন্ডনের ওভালে। সিরিজে এখন পর্যন্ত ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে।

ইংল্যান্ড একাদশ:

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।