সেরা খেলোয়াড়ের পুরস্কার ১০০ ডিম, ২০ লিটার দুধ, ৪০ ব্যাগ ওটমিল

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম

বিভিন্ন দেশের স্থানীয় ফুটবল লিগে অদ্ভুত সব পুরস্কার প্রদান করা হয়। সেসব খবর মাঝেমধ্যেই শিরোনামে আসে। এবার উদ্ভট পুরস্কার দিয়ে আলোচনায় চলে এলো নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে। ম্যাচ হারার পরও তারা নিজেদের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করেছে। সেই পুরস্কার হলো ১০০ ডিম, ২০ লিটার দুধ ও ৪০ ব্যাগ ওটমিল!

স্থানীয় সেই ম্যাচটিতে ভাইকিং এফসির কাছে ১-৩ গোলে হেরেছে ব্রাইন। হারের পরও তারা করেছে নিজেদের এক তরুণ খেলোয়াড়কে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচন করেছে। ২১ বছর বয়সী লেফট-ব্যাক লাসে কভিগস্টাদ দলের একমাত্র গোলটি করেছেন। ব্রাইন এফকে চলতি মৌসুমে ২২ বছর পর নরওয়ের শীর্ষ লিগে ফিরেছে। তারপর থেকেই উদ্ভট সব কাণ্ড ঘটিয়ে আলোচনায় আছে ক্লাবটি।

তবে নরওয়ের মতো উচ্চ ব্যায়ের দেশে এ ধরনের পুরস্কার প্রদানকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফুটবলপ্রেমী মন্তব্য করেছেন, ‘নরওয়েতে এরকম দামের জিনিস আমি যেকোনো দিনই পুরস্কার হিসেবে গ্রহণ করতে রাজি আছি।’ আরেকজন তো বলেই বসলেন, ‘স্পনসরের লোগো লাগানো প্লাস্টিকের পাইপের চেয়ে এটা অনেক ভালো পুরস্কার।’

ব্রাইন এর আগে আলোচনায় এসেছিল ট্রাক্টর দিয়ে স্টেডিয়ামের গ্যালারি বানিয়ে। তাদের মাঠে দর্শক ধারণক্ষমতা ৫,০০০ এর মতো। মাঠের পাশে রাখা হয় শস্য মজুদের সাইলো, যেগুলো এখন ভিএআর ক্যামেরার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়। ক্লাবটির মার্কেটিং ম্যানেজার বিয়র্ন হাগেরুপ রুকেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমাদের লক্ষ্য হলো কৃষক পরিচয়কে সামনে আনা এবং ক্লাব ও এলাকার মধ্যে গর্ব সৃষ্টি করা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত