পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হওয়ায় সরে দাঁড়াল স্পনসর প্রতিষ্ঠান

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০১:১৮ পিএম

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে। এই হামলার জেরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। আগামীকাল সেমিফাইনালে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। তার আগেই এই ম্যাচের বিরোধিতা করে ভারতের স্পনসরশিপ থেকে সরে দাঁড়িয়েছে দেশটির একটি প্রতিষ্ঠান।

ডব্লিউসিএলে ভারতের স্পনসর হিসেবে ছিল ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ‘ইজিমাইট্রিপ’। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলা তারা মেনে নিতে পারেনি। তাই তারা আর ভারতীয় দলের স্পনসর হিসেবে থাকছে না। এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও প্রতিষ্ঠানটি একই সিদ্ধান্ত নিয়েছিল। ম্যাচটি আর মাঠে গড়ায়নি। ম্যাচ বাতিলের কারণে ভারত এক পয়েন্টে খুশি হলেও পাকিস্তান আপত্তি জানায়। এ নিয়েও নাটক কম হয়নি।

এবার ‘ইজিমাইট্রিপ’ এর মালিক নিশান্ত পিট্টি একটি বিবৃতি তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন এভাবে, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভারতীয় দলের অসাধারণ পারফর্মেন্সকে সাধুবাদ জানাই। তোমরা জাতিকে গর্বিত করেছ। তবে, পাকিস্তানের বিপক্ষে আসন্ন সেমিফাইনাল অন্যান্য ম্যাচের মতোই একটা ম্যাচ নয়। কারণ, সন্ত্রাস এবং ক্রিকেট একসাথে চলতে পারে না। আমরা ভারতীয় দলের সাথে আছি। তবে সন্ত্রাসবাদকে উৎসাহিত করে এমন একটি দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে- এমন কোনো ইভেন্টকে আমরা সমর্থন করতে পারি না।’

সাবেকদের এই আসরে ভারতের নেতৃত্বে আছেন শিখর ধাওয়ান আর পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি। দুজনের মাঝে নিয়মিতই চলছে কথার লড়াই। ধাওয়ানই গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে না খেলার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। পাশাপাশি আয়োজকদের ম্যাচ বাতিলের জন্য তারা একটা চিঠিও লেখেন। এরপর আফ্রিদি বলেছিলেন, ধাওয়ানের জন্যই ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গেছে। ধাওয়ানকে তিনি ‘পচা ডিম’ বলতেও ছাড়েননি!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত