স্ট্যান্ডার্ড চার্টার্ডের নারী ফুলচাষিদের সহায়তা

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) যৌথভাবে যশোর জেলার ১ হাজার ২০০ প্রান্তিক নারী কৃষককে তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উচ্চমূল্যের ফুল চাষে সহায়তা করছে। টেকসই এবং সমাজ-সম্পৃক্ত এ উদ্যোগে প্রতিষ্ঠান দুটি নারীদের ফুল চাষে দক্ষতা উন্নয়নের পাশাপাশি কৃষির আধুনিকায়ন ও বহুমুখীকরণে একত্রে কাজ করবে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি চালু হওয়া এ প্রকল্পটি পরিবেশবান্ধব ফুল উৎপাদননের কৌশলগুলোর ওপর গুরুত্ব দিচ্ছে এবং চাষের সঠিক পরিবেশ বজায় রাখতে ১১টি সুরক্ষিত ফ্লোরিকালচার শেড স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ প্রোগ্রামে নারী কৃষকরা ফুল চাষের উন্নত যন্ত্রপাতি সংগ্রহের পাশাপাশি ফুলভিত্তিক পণ্য উন্নয়ন, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, আর্থিক সাক্ষরতা এবং উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এ যৌথ উদ্যোগটি উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে ফুলচাষিদের সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ক্রেতা, রপ্তানিকারক এবং ফুলভিত্তিক পণ্য প্রস্তুতকারকদের মধ্যে একটি কার্যকর বাণিজ্যিক সংযোগও স্থাপন করবে, যা দীর্ঘমেয়াদে বাজার সম্প্রসারণ এবং নারী কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খুলনা মুক্তি সেবা সংস্থা দেশের প্রত্যন্ত ও অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে প্রায় দুই দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রান্তিক মানুষের সম্ভাবনা উন্মোচন, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যেতে সহায়তা করে থাকে বেসরকারি এ উন্নয়ন সংস্থাটি।