নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বিরুদ্ধে সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। বই বিক্রির সময় স্থানীয়দের হাতে অধ্যক্ষ, পিকআপচালক ও চোরাই বই ক্রেতা আটক হলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দুপুরের দিকে একটি নীল রঙের পিকআপ ভুলতা স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করে। অধ্যক্ষ সুরাইয়া পারভীন স্টোররুম থেকে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির সব বই কেজি দরে বিক্রি করেন। পিকআপ চালক হেদায়েত উল্লাহ ও বই ক্রেতা মিলে সব বই পিকআপে তুলে ফেলেন। স্থানীয়রা বই বিক্রির বিষয়টি টের পেয়ে পিকআপ চালক, অধ্যক্ষ সুরাইয়া ও বই ক্রেতাকে হাতেনাতে আটক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নূরে আলমকে খবর দেন। পরে সন্ধ্যার দিকে শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে বই পুনরায় পিকআপ থেকে নামিয়ে স্টোররুমে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ সব সময় ষড়যন্ত্র করে আসছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নূরে আলম বলেন, ‘নতুন-পুরাতন মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রিকালে জব্দ করা হয়েছে। এ ঘটনায় অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে কারণ দর্শানোর নোটিস করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শোনামাত্রই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় একটি কমিটি করা হয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।