মা হওয়ার জোরালো গুঞ্জনে ক্যাট

অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ে হওয়ার কিছুদিন যেতে না যেতেই একের পর এক মা হওয়ার গুঞ্জন ওঠে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে। কিন্তু প্রতিবারই সেই গুঞ্জন মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে এবার আরও জোরালো হচ্ছে ‘চিকনি চামেলি’র মা হওয়ার জল্পনা। এবার সেই জল্পনায় নতুন করে ঘি ঢেলেছেন ক্যাটরিনা কাইফ নিজেই। বর্তমানে ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে আলিবাগে কোয়ালিটি টাইম কাটাতে গিয়েছেন ভিকি-ক্যাটরিনা দম্পতি। সেখানকার কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন তারা। সেই ভিডিওর একটিতে দেখা যাচ্ছে হাতে হাত রেখে হাঁটছেন ভিকি ও ক্যাটরিনা। ভিকির পরনে ছিল সাদা শার্ট ও নীল ডেনিম, আর ক্যাটরিনা পরেছিলেন সাদা রঙের ঢিলেঢালা কো-অর্ড সেট। অনুরাগীদের চোখে সেটাই এখন জল্পনার কেন্দ্রবিন্দু। অনেকেই মন্তব্য করছেন, ঢিলেঢালা পোশাকটি পরে তিনি তার মাতৃত্ব ঢাকার চেষ্টা করছেন! পাশাপাশি দেখা গেছে, গাড়ি থেকে নামার পর কিছুটা ধীরে হাঁটছিলেন ক্যাটরিনা এমনও দাবি ভক্তদের।

২০২১ সালের ডিসেম্বর মাসে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই বলিউড নায়িকা। রাজস্থানের রাজকীয় আয়োজন ও কড়া নিরাপত্তায় ঘেরা সেই বিয়ের অনুষ্ঠান আজও ভক্তদের মনে গেঁথে রয়েছে। দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেছে এই দম্পতির দাম্পত্যজীবন। এরই মধ্যে একাধিকবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিন মাস আগেই তাদের একসঙ্গে দেখা গিয়েছিল বন্ধু কারিশমা কোহলির বিয়ের প্রীতিভোজে। সেদিন ক্যাটরিনার হাতে দেখা গিয়েছিল ভিকির নামে অস্থায়ী ট্যাটু, যা নিয়েও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল চর্চা। গত বছরও ভারতের ধনকুবের আম্বানির পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে ক্যাটরিনার হাঁটাচলা ও পোশাক ঘিরে গুঞ্জন ছড়িয়েছিল, তখনো তাকে অন্তঃসত্ত্বা বলে মনে করেছিলেন অনেকেই।

সম্প্রতি চলচ্চিত্র থেকেও খানিক দূরেই রয়েছেন ক্যাটরিনা। দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। পাপারাজ্জিদের ক্যামেরা থেকেও নিজেকে রেখেছেন আড়ালে। এসব দেখে ভক্তদের ধারণা, হয়তো নিজের শরীর ও মাতৃত্বকালীন সময়কে পুরোপুরি ব্যক্তিগত রাখতেই এত সাবধানতা। তবে ক্যাটরিনা বা ভিকির পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।