ইউক্রেনের পূর্বাঞ্চলে চাসিভ ইয়ার শহরটি দখলের দাবি করেছে রাশিয়া। প্রায় ১৬ মাসের তীব্র লড়াই শেষে বৃহস্পতিবার মস্কো এ সাফল্যের দাবি করল। রাশিয়ার এই অগ্রগতির দাবি সত্য হলে, তা হবে দোনেৎস্ক অঞ্চলে মস্কোর জন্য একটি বড় কৌশলগত অর্জন। এর ফলে ইউক্রেনের শক্তিশালী প্রতিরক্ষা শহর কস্তিয়ান্তিনিভকা, সেøাভিয়ানস্ক ও ক্রামাতোরস্ক অভিমুখে অগ্রসর হওয়ার পথ খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালেও চাসিভ ইয়ারের আশপাশে রুশ বাহিনী হামলা চালিয়েছে। ওপেনসোর্সভিত্তিক ইউক্রেনীয় মানচিত্রভিত্তিক সাইট ডিপস্টেটের তথ্য অনুযায়ী, শহরটির পশ্চিমাংশ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। চাসিভ ইয়ারের জন্য লড়াই শুরু হয় ২০২৩ সালের এপ্রিল মাসে। ওই সময় রুশ প্যারাট্রুপাররা শহরের পূর্বপ্রান্তে পৌঁছে যায়। শহরটি বাখমুতের পশ্চিমে অবস্থিত। ২০২৩ সালে রাশিয়া দীর্ঘ ও রক্তাক্ত যুদ্ধের পর বাখমুত দখল করেছিল।