অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ৮ ম্যাচ হারের পরও ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য বদল হচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও তারা শুরু করল পরাজয় দিয়ে। যুক্তরাষ্ট্রের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি তারা হেরেছে ১৪ রানে। ব্যর্থতার বৃত্তে বন্দী ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচ থেকে প্রাপ্তি বলতে যদি কিছু থেকে থাকে, সেটা টসে জয়।
ফ্লোরিডার লডারহিলে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৮ রান তোলে পাকিস্তান। ২৬ রানে প্রথম উইকেট পতনের পর ৫১ বলে ৮১ রানের দারুণ জুটি গড়েন সাইম আইয়ুব এবং ফখর জামান। দুজনের মধ্যে সাইম আইয়ুব ৩৮ বলে ৫৭ আর ফখর ২৪ বলে ২৮ রান করেন। পরের ব্যাটাররা কেউ ত্রিশের ঘরেও যেতে পারেনি। যে কারণে প্রত্যাশা অনুযায়ী বড় হয়নি পাকিস্তানের স্কোর। উইন্ডিজের শামার জোসেপ ৩০ রানে নেন ৩ উইকেট।
রান তাড়ায় ক্যারিবিয়ানদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। জনসন চার্লস আর জিউয়েল অ্যান্ড্রু ৬৭ বলে ৭২ রানের উদ্বোধনী জুটি উপহার দেন। দুজনেই ৩৫ রান করে তোলেন। তারা আউট হতেই ধস নামে ব্যাটিং লাইনআপে। পরের পাঁচ ব্যাটার বিশের ঘরও স্পর্শ করতে পারেনি। শেষদিকে জেসন হোল্ডার ১২ বলে অপরাজিত ৩০ আর শামার জোসেফ ১২ বলে অপরাজিত ২১ রান করলেও দলকে জেতাতে পারেননি। উইন্ডিজ থামে ৭ উইকেটে ১৬৪ রানে। ম্যাচসেরা হয়েছেন সাইম আইয়ুব।