জয়সওয়ালের ধারাবাহিকতা হারানোর কারণ তাহলে এটাই?

চোখ জুড়ানো আগ্রাসী ব্যাটিংয়ে গ্যালারি জমিয়ে তোলায় জুড়ি নেই ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের। তবে এই তরুণ তারকা সম্প্রতি ধারাবাহিকতার অভাবে ভূগছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরির পর থেকে তিনি আর ধারাবাহিক হতে পারছেন না। চলতি ওভাল টেস্টের প্রথম ইনিংসেও আউট হয়েছেন মাত্র ২ রানে। প্রতিভাবান এই তরুণের সমস্যা খুঁজে বের করেছেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কার।

গতকাল ওভালের মেঘলা আবহাওয়ার মাঝে ইংলিশ পেসারদের সুইংয়ে পরাস্ত হচ্ছিলেন জয়সওয়াল। গাস অ্যাটকিনসনের বলে এলবিডব্লিউ হওয়ার পর তার সমস্যা বিশ্লেষণ করেছেন গাভাস্কার, ‘যশস্বীর ব্যাটিংয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। মনে হচ্ছে আত্মবিশ্বাসের ঘাটতিও আছে। প্রথম টেস্টে সেঞ্চুরি করার পর সে আর সাবলীল ব্যাটিং করতে পারছে না। হয়তো এ কারণেই শরীর লক্ষ্য করে আসা বল খেলার সময় ফুটওয়ার্ক ঠিকঠাক হচ্ছে না।’

এই সমস্যা কাটিয়ে ওঠার উপায়ও বলেছেন ভারত-ইংল্যান্ড সিরিজের অন্যতম ধারাভাষ্যকার গাভাস্কার, ‘যশস্বীর উচিত তার সমস্যাটা নিয়ে কোচ বা অন্য কারও সঙ্গে আলোচনা করা। তাহলেই সে বুঝতে পারবে পা কোথায় থাকা উচিত বা কাঁধ সামনে দিকে কতটা ঘোরা উচিত। তার বাম দিকের কাঁধ প্রথম বা দ্বিতীয় স্লিপের দিকে ঘুরে যাচ্ছে। এর ফলে সোজা ব্যাট নামাতে সমস্যা হচ্ছে। বাম দিকের কাঁধ উইকেটকিপার এবং প্রথম স্লিপের মধ্যে থাকলে সে ব্যাট সোজাসুজি নামাতে পারবে।’

উল্লেখ্য, যশস্বী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেন ৪। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৮৭ এবং দ্বিতীয় ইনিংসে ২৮। তৃতীয় টেস্টের দু্‌ই ইনিংসে করেন যথাক্রমে ১৩ এবং ০ রান। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে করেন ৫৮ রান এবং দ্বিতীয় ইনিংসে আবারও শূন্য রানে আউট হয়ে যান। গতকাল বৃহস্পতিবারও আউট হয়েছেন ৯ বলে ২ রান করে।