কুয়াকাটা সৈকত থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের লাশ এবং পৃথক স্থান থেকে অজ্ঞাত অন্য এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় সৈকতের মিরা পয়েন্ট থেকে ওই জেলের লাশ এবং গঙ্গামতি পয়েন্ট থেকে অন্য ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ ম-ল।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে দুটি লাশ ভেসে আসার খবর পেয়ে সৈকতের পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মিরাবাড়ি পয়েন্টে কালো রঙের রেইনকোট পরিহিত ব্যক্তির পরিচয় তার ছেলে শনাক্ত করেছেন।

গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে চার দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।