কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ সমাবেশ কভার করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মুরাদনগর থানায় মামলাটি দায়ের করেন আহত সাংবাদিক মো. শাহে ইমরান। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার বাদী শাহে ইমরান কুমিল্লা কোতোয়ালি থানার পাঁচথুবী এলাকার বাসিন্দা। তিনি দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক ঘটনা। আসামিরা ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছে। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।