মেসির পর এবার তার দেহরক্ষী নিষিদ্ধ

নিষেধাজ্ঞা যেন পিছু ছাড়ছে না লিওনেল মেসির। কয়দিন আগেই মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে না খেলে নিয়ম ভঙ্গ করায় আর্জেন্টাইন কিংবদন্তিকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটার আগেই নতুন করে আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন মেসি। তার দেহরক্ষী ইয়াসিন চুয়েকোকে লিগস কাপে নিষিদ্ধ করা হয়েছে!

ইএসপিএন জানিয়েছে, গত বুধবার রাতে আটলাসের বিপক্ষে সেদিন ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের বিতণ্ডা থামাতে মাঠে প্রবেশ করেন মেসির দেহরক্ষী। কিন্তু মাঠে তার প্রবেশ নিয়ে ম্যাচ শেষে প্রশ্ন তোলেন আটলাসের খেলোয়াড়রা। এরপর লিগস কাপের শৃঙ্খলা কমিটি জানায়, এই কারণে ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের এক সদস্যকে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে।

পরবর্তীতে ই্‌এসপিএন জানতে পেরেছে যে, সেই ক্লাব প্রতিনিধি দলের সদস্য আর কেউ নন, স্বয়ং লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকো। এদিকে শৃঙ্খলা কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্লাব আটলাস ম্যাচের পর, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের একজন সদস্য পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়মবর্হিভূত আচরণ করেছেন। এতে নিষেধজ্ঞার পাশাপাশি মায়ামির ওপর অপ্রকাশিত অংকের অর্থদণ্ড আরোপ করেছে।

এর আগে বুধবারের ঘটনায় আটলাসের ডিফেন্ডার দোরিয়া বলেছিলেন, ‘আমরা জানি আমাদের পরিচালনা পর্ষদ খুব ভালোভাবে কাজ করে এবং তারা বিষয়টি সামলাবে। আমি বুঝি মেসিকে মাঠে ঢুকে পড়া কোনো ভক্তের হাত থেকে বাঁচাতে তার দেহরক্ষী সেখানে উপস্থিত থাকেন। কিন্তু খেলোয়াড়দের ব্যাপারে নাক গলানোর জানি না ঠিক কী, খেলোয়াড়দের মধ্যে কোনো ব্যাপারে তার সে অনুমতি নেই।’