টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ও গতকাল শনিবার ভোরে টাঙ্গাইল পৌরসভাধীন সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টাঙ্গাইল শহরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া।
গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ এলাকায় মাছ ব্যবসায়ী আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে একটি চিঠি দিয়ে আসেন অচেনা এক ব্যক্তি। গত শুক্রবার সকালে সেই চিঠি আজাহারুল ইসলামকে দেওয়া হয়। চিঠিতে হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ বলেন, ‘চাঁদা দাবি করার এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বিষয়টি নিয়ে ওই তিন বিএনপি নেতা ষড়যন্ত্রের শিকার হয়েছে।’ টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’