আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার

জামালপুরে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম ফরহাদসহ আওয়ামী লীগ, যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত শুক্রবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম ফরহাদ, জামালপুর শহর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আয়নাল হক, মাদারগঞ্জ উপজেলার কড়াই চড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আদারভিটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বকশীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহসিন বকশী।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন উপজেলায় দায়ের হওয়া নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহেল মাহমুদ বলেন, জেলার মাদারগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ি ও সদর উপজেলা থেকে নাশকতা এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।