রেকর্ড ভাঙতে না পারলেও গাভাস্কারের উপহার পেলেন শুবমান

অল্পের জন্য সুনীল গাভাস্কারের রেকর্ড ভাঙতে পারেননি ভারত অধিনায়ক শুবমান গিল। তবু ভারতের কিংবদন্তি ওপেনারের থেকে তিনি গতকাল ওভাল টেস্টের চতুর্থ দিনে পেয়েছেন উপাহার। প্রথম ইনিংসে ২১ রান করার পর দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়েছেন মাত্র ১১ রানে।

সব মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে শুবমান ৭৫.৪০ গড়ে ৭৫৪ রান করেছেন। এক সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে সব চেয়ে বেশি রান করার রেকর্ড গাভাস্কারের। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজে মাটিতে তিনি ৭৭৪ রান করেছিলেন মাত্র ২০ রানের জন্য সেই গড়তে পারলেন না শুবমান।

গতকাল শনিবার ওভাল টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে মাঠে শুবমানকে জার্সি এবং টুপি উপহার দিয়ে গাভাস্কারের বলেন, 'তুমি আমার রেকর্ড ভাঙবে ধরে নিয়ে তোমার জন‍্য উপহার এনেছিলাম। একটুর জন্য পারলে না। পরের সিরিজে নিশ্চয়ই পারবে। তবু তোমার জন্য যে ছোট্ট উপহার এনেছি সেটা তোমাকে দিতে চাই।'

গাভাস্কারের হাতে একটা কালো ব্যাগ ছিল। সেখান থেকে লাল টুপি বার করে শুবমানকে দিয়ে গাভাস্কারের বলেন, 'খুব বেশি মানুষকে আমি এই টুপি দেই না। এতে আমার সাক্ষর দেওয়া আছে। এটা তোমার জন্য। একজন "এসজি" লেখা এই জার্সিটি আমাকে দিয়েছিল। জানি না তোমার গায়ে এটা হবে কি না। তবু তোমাকে দিলাম।'

গাভাস্কারের অন্য একটা রেকর্ড অবশ্য শুবমাান ভেঙে দিয়েছেন। ভারত অধিনায়ক হিসাবে একটা টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন তিনি। ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ভারত অধিনায়ক হিসাবে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার। এই সিরিজে ৭৫৪ রান করে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন শুবমান।

আজ রবিবার শেষদিন মাঠে কী পরে আসবেন, সেটাও শুবমানকে বলেছেন গাভাস্কার, 'আমার লাকি সাদা জ‍্যাকেটটা পরে আসব। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শেষদিন এটা পরেছিলাম। কালও (আজ) সেই জ্যাকেট পরে মাঠে আসব।'