চ্যালেঞ্জিং চরিত্রের অপেক্ষায় পরী

চলচ্চিত্র ক্যারিযারে রু থেকে অনেকগুলো সিনেমা মুক্তি পেলেও এখন পর্যন্ত কোনো সিনেমাই হিট কিংবা সুপারহিট হয়নি। তবে বাণিজ্যিক সিনেমায় না হলেও মনস্তাত্বিক কিংবা তথাকথিত বিকল্প ধারার সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন চিত্রনায়িকা পরীমনি। নানা কারণে আলোচনায় থাকা এই অভিনেত্রীর হাতে মনের মতো কোনো গল্পের সিনেমা নেই আপাতত। 

আর সেই ভালো গল্প এমনকি চ্যালেঞ্জিং চরিত্রের জন্য অপেক্ষা করছেন পরী। লাস্যময়ী এই নায়িকা বলেন, ‘প্রয়োজনে কাজের সংখ্যা আরও কমিয়ে দেব। কাজ করতেই হবে এমন মনে করি না। সবার আগে দরকার মনের মতো কিছু হওয়া। গল্প ও চরিত্র পছন্দ হতে হবে। আমি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই। সে ধরনের কাজ হলে অবশ্যই আমি আগ্রহের সঙ্গে কাজটা করব। সে কারণেই অপেক্ষায় রয়েছি ভালো চিত্রনাট্যের। এরইমধ্যে তেমন কিছু কাজের প্রস্তাব এসেছে। দ্রুতই হয়ত আপনাদের জানাতে পারব।’  

হাতে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন চিত্রনাট্য থাকলেও সেগুলো করছেন না উল্লেখ করে পরীমনি জানান, আগে ‘না’ করতে পারতেন না। যার কারণে ক্যারিয়ারের শুরুতে অনেক ছবিতেই অভিনয় করেন। কিন্তু এখন পছন্দসই গল্প ও চরিত্র না হলে ‘না’ বলছেন তিনি।

এদিকে সবশেষ পরীমনি চুক্তিবদ্ধ হন নিরব হোসেনের বিপরীতে ‘গোলাপ’ সিনেমায়। ছবিটির ফটোশুটেও নিরবের সঙ্গে অংশ নেন তিনি। তারও বেশ আগে পরীমনি শেষ করেছেন সরকারি অনুদানের ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ। সেই ছবিতে সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে এ নায়িকাকে। 

কিছুদিন আগে মালয়েশিয়া সফর থেকে দেশে ফেরার পর  পরী অংশ নেন বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটেও। এদিকে, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন পরী। বিশেষ করে পুড়ে যাওয়া বাচ্চাদের ছবি-ভিডিও দেখে প্যানিক অ্যাটাক হয় তার। যার কারণে ভর্তি হতে হয় হাসপাতালে। সেখানে দু’দিন ছিলেন তিনি। এরপর স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করতে থাকেন। যার জের ধরে পুত্রকে নিয়ে কক্সবাজার সফরে যান তিনি।