বীরকে নিয়ে নিউ ইয়র্কে বেড়াচ্ছেন শাকিব-বুবলী

বড় ছেলে আব্রাম খান জয়ের পর এবার ছোট ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে নিউ ইয়র্কের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শেহজাদ ও শাকিবের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীকেও দেখা যাচ্ছে। মূলত শাকিব খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাওয়ার পরেই ছেলেকে নিয়ে বুবলী সেখানে চলে যান। নিউ ইয়র্কে তাদের ঘোরাঘোরির কয়েকটি স্থিরচিত্র প্রকাশ পেয়েছে এরইমধ্যে। 

সেখানে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী। তাদেরকে পার্কে একটি কালো রঙের গাড়িতে করে এসে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে আসছিলেন বুবলী। ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়েই ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেলট আইল্যান্ড বেছে নেন।

দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।সে সময় আব্রাহামকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক, নায়াগ্রা থেকে শুরু করে বিভিন্ন শহরে সময় কাটিয়েছেন শাকিব। বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’ 

সেই সঙ্গে জানিয়েছিলেন, সময় সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একইরকম সুন্দর স্মৃতি উপহার দিতে চান তিনি। ঠিক দুই বছর পর সেই ইচ্ছারই বাস্তবায়ন ঘটতে যাচ্ছে ছোট ছেলে শেহজাদ খান বীরের ক্ষেত্রে।