৫০ মিটার ফ্রিস্টাইলে মেগ হ্যারিসের স্বপ্নপূরণ

অবশেষে স্বপ্নপূরণ হলো মেগ হ্যারিসের। ২৩ বছর বয়সী অস্ট্রেলিয়ান মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে জিতে নিলেন প্রথম একক বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক।

আজ বিকেলে সিঙ্গাপুরে বিশ্ব অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপের ইভেন্টে ২৪.০২ সেকেন্ড সময় নিয়ে চীনের উ কিংফেং (২৪.২৬ সেকেন্ড) ও চেং ইউজিয়ে (২৪.২৮ সেকেন্ড)-কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন। অ্যামেরিকার বাটারফ্লাই ইভেন্টের সোনাজয়ী ওয়ালশ শেষ করেন চতুর্থ, সময় ২৪.৪০ সেকেন্ড।

রেসের পর উচ্ছ্বসিত হ্যারিস বলেন, “এটা এমন একটা স্বপ্ন, যা আমি দীর্ঘদিন ধরে দেখে আসছিলাম। আমি এখনো ভাষায় প্রকাশ করতে পারছি না, পুরোটা বুঝে নিতে সময় লাগবে।” তিনি আরও যোগ করেন, “আমি স্প্রিন্ট ভালোবাসি, রেসিং ভালোবাসি। এর চেয়ে খুশি আর কিছুতে হতে পারতাম না।”

২০২৪ প্যারিস অলিম্পিকে ৫০ মিটার ফ্রিস্টাইলে অপ্রত্যাশিতভাবে রুপা জেতার পর, হ্যারিস সিদ্ধান্ত নেন ১০০ মিটার ইভেন্টকে পিছনে রেখে নিজেকে একটি বিশুদ্ধ স্প্রিন্টার হিসেবে গড়ে তুলবেন। এটা ছিল এক দুঃসাহসিক সিদ্ধান্ত, কারণ এর আগে তিনি রিলে দলে অংশ নিয়ে ২টি অলিম্পিক ও ৫টি বিশ্ব সোনা জিতেছেন।

এক দশকের মধ্যে ৫০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া প্রথম অস্ট্রেলিয়ান মেগ হ্যারিস। এর আগে ২০১৫ সালে ব্রন্টে ক্যাম্পবেল এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এছাড়া, এর আগে ক্যামেরন ম্যাকএভয় পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জেতায়, বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী পুরুষ ও নারী সাঁতারু দুজনই অস্ট্রেলিয়ান।