গাজীপুরের শ্রীপুরের নিজ বসতঘর থেকে এক নারীর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। গত শনিবার মধ্যরাতে মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী মিজানুর রহমান পলাতক আছেন।
নিহত ওই নারীর নাম মারুফা আক্তার (৩৫)। তিনি মিজানুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। পুলিশের ধারণা পারিবারিক কলহের কারণে স্বামী আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা করেছেন।
প্রতিবেশীরা জানান, শনিবার মধ্যরাতে হঠাৎ মারুফার ঘর থেকে আগুনে পোড়া গন্ধ আর ধোঁয়া বের হতে দেখা যায়। আশপাশের লোকজন এগিয়ে গিয়ে মারুফার বসতঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে তারা তালা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় মারুফার পুড়ে যাওয়া মরদেহ পান। তারা বলেন, মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।
নিহতের স্বজনরা জানান, মারুফা দীর্ঘদিন বিদেশে ছিলেন। সে সময় তার আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় যায়। স্বজনদের দাবি পারিবারিক কলহের জেরে মারুফাকে পুড়িয়ে হত্যা করেছে তার স্বামী মিজানুর রহমান।
শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, ঘরের ভেতর থেকে এক নারীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা ঘরের ভেতরে স্বামী তার স্ত্রীর শরীরে আগুন দেন। পরে ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক আছেন।