চোট গুরুতর নয় মেসির মাঠে কবে ফিরবেন?

লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পরেছিলেন লিওনেল মেসি। চোট কতটা গুরুতর তা নিয়েই ছিল আলোচনা। অবশেষে মেসি ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন মহাতারকার পেশির চোট খুব গুরুতর নয়। তবে কিছুদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে। অধিনায়কের ফেরার সম্ভাব্য সময় অবশ্য জানায়নি মায়ামি।

নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই চোট পান মেসি। এরপর মিনিট দুয়েক খেলার চেষ্টা করে ১১ মিনিটের সময় মাঠ ছেড়ে যান তিনি।

মায়ামি বিবৃতিতে জানায়, 'পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে, তার ডান পায়ের পেশিতে 'মাইনর' চোট আছে। তার চিকিৎসা কোন পথে এগোয় এবং শরীর কীভাবে সাড়া দেয়, সেটির ওপর নির্ভর করবে মেডিকেল ছাড়পত্র পাওয়ার বিষয়টি।'

লিগস কাপে দুই ম্যাচ থেকে ৫ পয়েন্ট মায়ামির। তাদের পরের ম্যাচ বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে) মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএম এর বিপক্ষে।