ওভাল টেস্টে পঞ্চম দিনের টিকিট সোল্ড আউট

ওভাল টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ৩৫ রান। ভারতের চাই ৪ উইকেট। ক্রিস ওকস যদি ব্যাট করতে না নামেন তবে ৩ উইকেট নিলেও হবে। তবে প্রয়োজনে ওকসও ব্যাট করতে প্রস্তুত। ইংল্যান্ড বা ভারত দুই দলেরই জয়ের সুযোগ আছে। আন্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টের শেষদিনের নাটকীয় মুহুর্ত উপভোগ করতে ইতোমধ্যেই ওভালের সব গ্যালারীর টিকিট সোল্ড আউট। এমন ঘোষনাই করেছে ইসিবি।

খারাপ আবহাওয়া না হলে ম্যাচ শেষ হয়ে যেতে পারতো চতুর্থ দিনেই। সেটি না হওয়াতে শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। ইংল্যান্ডের জেমি স্মিথ ও জেমি ওভারটন ব্যাট করতে নামবেন। দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রান টার্গেটে চতুর্থ দিন শেষে ইংল্যান্ড করে ৬ উইকেটে ৩৩৯ রান।

ওভালে ইংল্যান্ড জিততে পারলে সেটি হবে রেকর্ড। এই মাঠে এতো রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড নেই। সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে।

আজ টেস্টের পঞ্চম দিনে ম্যাচ হয়তো শেষ হবে অল্প সময়েই কিন্তু, এই টান টান মুহুর্ত উপভোগ করতেই টিকিট কেটেছে দুইদলের সমর্থকরা। ইংল্যান্ড ম্যাচটি জিতলে সিরিজও নিজেদের করে নেবে। আর ভারত জিতলে সিরিজ ২-২ এ ড্র হবে।

আজও আকাশ কিছুটা মেঘলা। তবে আশা করা হচ্ছে ম্যাচ নির্ধারিত সময়েই শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৪টায়।