পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে রাব্বি হাসান (২২) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মাশানটারী এলাকায় এ অভিযান পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। 

দণ্ডপ্রাপ্ত রাব্বি হাসান পাটগ্রাম উপজেলার উফারমারা গ্রামের বাসিন্দা আবু সালামের ছেলে। 

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও উত্তম কুমার দাশ পাটগ্রাম থানার এসআই হাসানসহ পুলিশের একটি দল নিয়ে ধরলা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রাব্বি হাসানকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আটক করে আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ ধারায় দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

এ বিষয়ে পাটগ্রাম ইউএনও উত্তম কুমার দাশ বলেন, “আইন ভঙ্গ করে যারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”