ভারত-ইংল্যান্ড সিরিজকে অ্যাশেজের সঙ্গে তুলনা স্টোকসের

ওভাল টেস্টে রুদ্ধশ্বাস জয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ড্র করেছে ভারত। সিরিজের প্রতিদ্বন্দ্বিতা দেখে বিখ্যাত অ্যাশেজ সিরিজের কথা মনে পড়ে গেছে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের। তিনি ভারত বনাম ইংল্যান্ড সিরিজকে অ্যাশেজের সঙ্গে তুলনা করেছেন। টেস্ট ক্রিকেটেরও ভূয়সী প্রশংসা করেছেন এই বিশ্বকাপজয়ী অল-রাউন্ডার।

গতকাল সোমবার ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে স্টোকস বলেন, ‘ক্রিকেটে ভারত-ইংল্যান্ডের শত্রুতা তো আছেই। অ্যাশেজের সেই একাত্মতাটা নেই বটে, তবে এই সিরিজে সবসময়ই বড় প্রতিদ্বন্দ্বিতা হয়। মনে হয় না এই পরিস্থিতির পরিবর্তন হবে। এই সিরিজের অংশ হতে পেরে ভালো লেগেছে। প্রতিটা ম্যাচই উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছে। ভারতও ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছে, আমরাও রেখেছি। ম্যাচটা শেষ পর্যন্ত পেন্ডুলামের মতো দুলেছিল।’

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ ভুবন বিখ্যাত। দুই শীর্ষ টেস্ট খেলুড়ে দলের লড়াই দেখতে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে থাকেন। ওভাল টেস্ট শেষে অ্যাশেজের সঙ্গেই মিল খুঁজে পাচ্ছেন স্টোকস, ‘দুই বছর আগে অ্যাশেজের সময়েও ঠিক একই ঘটনা ঘটেছিল। এই মাঠে এসে আমাদের জিততেই হতো। সেই সিরিজটাও খুব ভালো কেটেছিল, শেষ পর্যন্ত ২-২ ড্র হয়েছিল। তবে আজ (গতকাল) হেরে যাওয়ায় একটু হলেও হতাশ।’

স্টোকসের মতে, এই সিরিজে টেস্ট ক্রিকেটের সেরা রূপ দেখা গেছে। তার ভাষায়, ‘২৫ দিন ধরে দুই দলই চোখে চোখ রেখে লড়াই করেছে। আগের চার ম্যাচই পাঁচ দিনে গড়িয়েছে। দুটি ভালো দল একে অপরকে সব ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তাই ক্রিকেট সমর্থকের দৃষ্টিভঙ্গি থেকে ২-২ ফলাফল আমার কাছে সঠিক বলেই মনে হয়। সিরিজ জিততে পারিনি বলে অবশ্যই হতাশ, তবে পারফর্মেন্সের জন্য দুটি দলই প্রশংসার যোগ্য।’