নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে থাপড়ানোর হুমকি, ছাত্রদল নেতার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিককে ‘থাপড়ানোর’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে। ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালন করছিলেন সময়ের আলো প্রতিনিধি আশরাফুল আলম ও এনটিভি প্রতিনিধি রোহান চিশতী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান চলাকালীন ছবি ও ভিডিও ধারণ করতে গেলে জাহিদুল ইসলাম সাংবাদিক আশরাফুল আলমকে পেছন থেকে সরতে বলেন। আশরাফুল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দায়িত্ব পালনের কথা জানালে জাহিদুল ক্ষিপ্ত হয়ে তাকে ‘বেয়াদব’ বলে গালাগাল করেন এবং প্রকাশ্যে থাপড়ানোর হুমকি দেন।

ঘটনার পর বিষয়টি জানতে চাইলে রোহান চিশতীকেও মারতে উদ্ধত হন জাহিদুল। 

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, তিনি রোহানকে উদ্দেশ্য করে বলেন, “তুই কি আরও বুঝতে চাইতেছোস?” এবং কয়েকবার তাকে ‘সাংঘাতিক’ বলে কটাক্ষ করেন। 

এছাড়া, অনুষ্ঠানস্থলে উপস্থিত আরও কয়েকজন সাংবাদিক অভিযোগ করেছেন, জাহিদুল এর আগেও অনুষ্ঠানে তাদের প্রতি বাজে আচরণ করেছেন।

এ বিষয়ে সময়ের আলো প্রতিনিধি আশরাফুল আলম বলেন, আমি ছবি তুলছিলাম, তখন সে হঠাৎ করে উচ্চস্বরে বলে ‘সরে দাঁড়া’। আমি বললাম আমি সাংবাদিক, দায়িত্ব পালন করছি। তখনই সে চিৎকার করে বলে, ‘তুই বেয়াদব, তোকে থাপড়াবো।’ পরে অন্যান্য শিক্ষকরা এসে আমাদের সেখান থেকে সরিয়ে নেন।”

এনটিভি প্রতিনিধি রোহান চিশতী বলেন, ঘটনার পর আমি জানতে চাই, কেন এমন আচরণ করা হলো। তখন সে আমাকেও মারতে আসে এবং একাধিকবার অপমানজনকভাবে কথা বলে।

ঘটনার বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এমন আচরণ কখনোই কাম্য নয়। আমরা সাংগঠনিকভাবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। 

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা গণমাধ্যমকে বলেন।

জানা গেছে, অভিযুক্ত জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন পর একাডেমিক কাউন্সিলের বিশেষ বিবেচনায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে ভর্তি হন তিনি। তবে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ না করায় তার একাডেমিক অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইমরান ফরাজির ঘনিষ্ঠ অনুসারী বলেও একাধিক সূত্রে জানা গেছে।