মন্ত্রণালয়ে দুর্নীতি একটুও কমেনি। যারা যে টেবিলে বসা ছিল তারা সেই টেবিলেই আছে। এমন মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা সভায় এই কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ৫ই আগস্ট একটা স্মরণীয় দিন। এ ধরনের একটা দিন আসতে শত বছর অপেক্ষা করতে হয়। শত বছর লাগে এমন এক সন্ধিক্ষণে পৌঁছতে। সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছিলো। এই শক্তি গত বছর বাধ্য করেছিলো চরম এক স্বৈরশাসক-কে দেশ ছেড়ে পালাতে। দুঃখজনক হলেও সত্য মাথাটা পালিয়ে গেছে বডিটা এখনো আছে। এই বডির জ্বালাতন‚ যন্ত্রণা প্রতি পদে পদে আমাদের ভোগ করতে হচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গোপনে দুর্নীতি চলছে আমরা তা বুঝতে পারছি‚ কিন্তু ধরতে পারছি না। আমি সকলের সহযোগিতা নিয়ে চেষ্টা করবো, সারাদেশে না পারলেও যতদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছি, ততদিন এই বিশ্ববিদ্যালয় থেকে দুর্নীতির মূলোৎপাটন করবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান‚ প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম ও রেজিস্টার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) জুলাই গণ-অভ্যুথানের এক বছর পূর্তি ও ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সেমিনার‚ মিলাদ‚ র্যালি‚ চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।
এছাড়াও‚ অনুষ্ঠানে জুলাইয়ে আহত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বগুড়ায় স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার