ইউএস ওপেনের আগে বড় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন জকোভিচ

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম

চলতি সপ্তাহেই শুরু হতে যাওয়া এটিপি সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নোভাক জকোভিচ। টুর্নামেন্ট কমিটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। উইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে হারের পর এখনো পর্যন্ত কোন ম্যাচ খেলেননি ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান মহাতারকা। তিন সপ্তাহের মধ্যে শুরু হতে যাচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। তার আগে কোন ম্যাচ খেলারও আর সম্ভাবনা নেই বললেই চলে।

২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ ২০০৫ সালে প্রথমবারের মত সিনসিনাটিতে খেলেছেন। ২০২৩ সালে সবশেষ এই মাস্টার্স টুর্নামেন্টের তৃতীয় শিরোপা জয় করেছিলেন। এর আগে হেরেছিলেন পাঁচটি ফাইনালে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা নোভাক জোকোভিচ তার রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন খেলতে নামবেন, যা শুরু হবে আগামী ২৪ আগস্ট।

এদিকে বিশ্রামের কারণে জকোভিচ ও কার্লোস আলকারাজের মতই বর্তমানে অনুষ্ঠিত এটিপি টরেন্টো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার। উইম্বলডনের পর নিজেকে আবারো সতেজভাবে ফিরিয়ে আনার লক্ষ্যেই টরেন্টোতে খেলছেন না সিনার। তবে সিনসিনাটিতে তাকে দেখা যাবে। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত