বাংলাদেশের বয়সভিত্তিক দলের অবস্থান যাচাইয়ের মঞ্চ এশিয়ান কাপ

এবারই প্রথম সিনিয়র নারী দল জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূলপর্বে। বড়দের পথ ধরে এবার অনূর্ধ্ব-২০ বয়সভিত্তিক জাতীয় দল নামতে যাচ্ছে বাছাইয়ের পরীক্ষায়। আগামীকাল সন্ধ্যা ৬টায় লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের পরীক্ষা। আর এ প্রতিযোগিতায় ইমপ্যাক্ট রাখাই নারী হেড কোচ পিটার বাটলারের মূখ্য উদ্দেশ্য। 

‘এইচ’ গ্রুপে লাওস ও তিমুর লেস্তের সঙ্গে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ কোরিয়া। আসর শুরুর আগে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমরা জানি প্রকৃতপক্ষেই আমরা কোরিয়া থেকে কতখানি পিছিয়ে আছি। সাংগঠনিক ও আর্থিক কাঠামো এবং বোর্ডের পেশাদারিত্বের পাশাপাশি খেলোয়াড়দের মানেও তারা অনেক এগিয়ে। কিন্তু আমরাও নতুন করে শুরু করেছি। আমাদের সিনিয়ররা এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে। এখন দেখার বিষয় বয়সভিত্তিক দলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কোথায় অবস্থান করছি। এ জন্য এই প্রতিযোগিতাটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’

সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ নারী জাতীয় দলেরও অধিনায়কত্বের ভার আফঈদা খন্দকারের কাঁধে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর এবার আরও বড় মঞ্চে পরীক্ষা দেবেন তিনি ও তার দল। নিজেদের উপর পূর্ণ বিশ্বাস রয়েছে অধিনায়কের। বলেছেন, ‘আমরা এখানে এসেছি এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য। সর্বোচ্চ চেষ্টা করব আমরা জন্য ভালো খেলতে পারি প্রত্যেক ম্যাচে।’