পিয়ন দিয়ে ফুল দেওয়ায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আহত জুলাই যোদ্ধাদের জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী দিয়ে ফুল দেওয়ার অভিযোগ তুলে এতে ক্ষোভ জানিয়েছেন আহত জুলাই যোদ্ধারা। তবে জেলা প্রশাসকের দাবি, অভিযোগ ঠিক নয়। নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) নেতৃত্বে ফুল দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আন্দোলনে শহীদ হওয়া ১৪ জনের পরিবার ও আহত ৮৩ জনের মধ্যে রাষ্ট্রীয় সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় শহীদদের পরিবারের হাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপহার তুলে দেন।

জুলাই যোদ্ধা ফাতেমা ইয়াসমিন বলেন, ‘ডিসি বা অন্য ম্যাজিস্ট্রেট দিয়ে আমাদের ফুল দেওয়ার কথা ছিল। কিন্তু তারা আমাদের ডিসি অফিসের পিয়ন দিয়ে ফুল ও উপহার দিয়েছেন। এর আগেও জেলা প্রশাসন আমাদের জুলাই কন্যাদের উপহার দিয়েছেন পিয়ন দিয়ে। তারা ফুল অনেকের হাতের ওপর ফেলে দিয়েছে। আমরা কখনোই তাদের থেকে সম্মান পাইনি।’

আরেক নারী জুলাই যোদ্ধা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘এখানে আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরই সহযোদ্ধা। তাদের পরিবারের হাতে ডিসি নিজে সম্মাননা তুলে দিয়েছেন এটি বেশ ভালো। তবে আমাদের বেলায় কেন আলাদাভাবে দিচ্ছে। এখানে প্রশ্ন থেকেই যায়।’

জুলাই ওয়ারিয়র্স জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান ডালিম বলেন, আমরা জানতাম আমাদের জেলা প্রশাসক ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী তুলে দেবেন। কিন্তু জেলা প্রশাসক সেই জায়গায় ব্যর্থ হয়েছেন। এটি আসলেই দুঃখজনক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, এই অভিযোগ ঠিক নয়। এনডিসির নেতৃত্বে ফুল দেওয়া হয়েছে এবং তিনি নিজেই ছিলেন।