চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া মসজিদের অদূরে এম এ কাশেম অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটির সঙ্গে দোহাজারীগামী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধারকাজ চালিয়ে আহতদের দ্রুত দোহাজারী হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুই গাড়ির চালক-সহকারীসহ বাসের ৮-১০ জন যাত্রী ছিলেন।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।