বাংলাদেশি ক্লাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ফিফা

বিদেশি ফুটবলারের পাওনা পরিশোধ না করায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ট্রান্সফার নিষেধাজ্ঞা দিয়েছিল বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অভিযোগকারী সেই উজবেক ফুটবলারের চুক্তিকৃত অর্থ ফেরত দেওয়ার পর অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলো ঢাকার ক্লাবটি। আজ বুধবার ফিফা থেকে এই সংক্রান্ত নির্দেশনা পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জানা গেছে, উজবেক ফুটবলারের পাওনা ছিল ২৫ লাখ টাকা। সেই টাকা পরিশোধ করতে গলদঘর্ম হতে হয়েছে ক্লাবটির। শুরুতে ৪ আগস্টের মধ্যে ফকিরেরপুলকে বিষয়টি নিষ্পত্তি করতে বলেছিল বাফুফে। এরপর আরেক দফা সময় বাড়িয়ে ৮ আগস্ট করে। তারা পাওনা পরিশোধে ব্যর্থ হলে ঢাকা ওয়ান্ডারার্সকে খেলানোর পরিকল্পনা ছিল বাফুফের। ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী বলেছেন, ‘আমাদের দলবদলে এখন আর কোনো বাঁধা নেই। ফিফা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।’

এদিকে আগামী ১৪ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দলবদলের শেষ দিন। প্রিমিয়ার লিগে দল পরিচালনা করতে ন্যুনতম ৩-৪ কোটি টাকা প্রয়োজন। সেটা ফকিরেরপুল করতে পারে কিনা সেটা নিয়ে জোর সংশয় রয়েছে ফুটবলাঙ্গনে। তবে আহমেদ আলী গণমাধ্যমের কাছে আশাবাদ ব্যক্ত করেন, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় রয়েছে। আগামী কয়েকদিনে আরো খেলোয়াড় সংগ্রহ করব। বিদেশি খেলোয়াড়ও যোগাযোগ করছি। ফকিরেরপুল মাঠে নামবে এটা বলতে পারি।’