মিছিলে গিয়ে মারা গেলেন দুই জামায়াত নেতাকর্মী

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি খোয়াজ মিয়া (৬০) ইন্তেকাল করেছেন। গত মঙ্গলবার বিকেলে জেলা সদরে জামায়াতের গণমিছিলে অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় চৌধুরীবাজার এলাকায় পৌঁছালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জেলা জামায়াতের আমির সায়েদ আলী ও সেক্রেটারি ইয়ামির আলী এক যৌথ বিবৃতিতে খোয়াজ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে, নোয়াখালীতে জামায়াতের গণমিছিল শেষে বাড়ি ফেরার পথে বেগমগঞ্জের ছয়ানীর উপজেলার জামায়াত কর্মী হাফেজ মহি উদ্দিন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। গত মঙ্গলবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহতের পরিবার জানায়, বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্বৈরাচার আওয়ামী শাসনের পতন উপলক্ষে গণমিছিল শেষে সিএনজিযোগে বাড়ি ফেরার সময় ছয়ানী এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জামায়াতের কর্মী হাফেজ মহি উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করালে রাতে তিনি মারা যান। নিহত হাফেজ মহিউদ্দিন পেশায় মসজিদের ইমাম ও শিক্ষক ছিলেন।