নির্বাচনে এসপি ওসিদের পোস্টিং হবে লটারিতে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসপি ও ওসিদের পোস্টিং লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। এ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে গুরুত্বপূর্ণ এসব পদ নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। তফসিল ঘোষণার আগেই এ পরিবর্তন করা হবে। ডিসি ও ইউএনওদের ক্ষেত্রেও লটারির ব্যবস্থা হতে পারে।’

গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা নিয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার কথা বলেছেন। তারই ধারাবাহিকতায় বুধবার আমরা আলোচনা করেছি। নির্বাচনের সময় লজিস্টিক সহায়তা নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে। ডিসি, এসপি, ইউএনও ও ওসিরা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রার্থীরা তাদের পছন্দের কর্মকর্তা চাইতে পারেন। কিন্তু এবার গণমাধ্যমের সামনে লটারি করে এসপি ও ওসিদের পোস্টিং দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলি করা হবে। ওসিদের লটারি বিভাগভিত্তিক করা হবে। ডিসিদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আশা করি, তারাও লটারি করবে। তফসিল ঘোষণার কিছুদিন আগে লটারি করা হবে। তফসিল ঘোষণার পর পোস্টিং পরিবর্তনের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে চলে যায়। তারা চাইলে আরও পরিবর্তন করতে পারবেন।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে কমপক্ষে একটি করে বডি ক্যামেরা থাকবে। সিনিয়র কর্মকর্তার কাছে ক্যামেরা থাকবে, যাতে ভোটকেন্দ্রের সব রেকর্ড থাকবে। সব মিলিয়ে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবে।’