বাবরকে টি-টোয়েন্টি দলে ফেরানোর পরামর্শ ওয়াসিমের

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে অভিজ্ঞ একজন ব্যাটসম্যানের প্রয়োজন অনুভব করছেন ওয়াসিম আকরাম। আসছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে বাবর আজমকে এই ফরম্যাটে ফেরানোর পরামর্শ দিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় ফখর জামান চোটে ছিটকে পড়ার পর অভিজ্ঞ ব্যাটসম্যানদের ফেরানোর আলোচনা শুরু হয়।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন বাবর। তবে গেল বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে টি-টোয়েন্টি দলে সুযোগ পান না তিনি। বাবরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার কারণ ব্যাটিং পারফরম্যান্স। আরও স্পষ্ট করে বললে, স্ট্রাইক রেট।

ক্রিকেট পাকিস্তানের সঙ্গে আলাপকালে ওয়াসিম আকরাম বলেন, 'আমার যদি ক্ষমতা থাকতো, আমি অবশ্যই বাবর আজমকে টি-টোয়েন্টি দলে যোগ করতাম। এশিয়া কাপ এবং এরপর বিশ্বকাপ আসছে, আমাদের একজন অভিজ্ঞ ব্যাটসম্যান প্রয়োজন। ভক্তদের হয়তো মনে থাকতে পারে, ২০১৯ সালে যখন বাবর সমারসেটের প্রতিনিধিত্ব করেছিল, তখন সে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে রান করেছিল।'

দলে শুধু মারমুখি ব্যাটসম্যান থাকলেই যে হবে না ধরে খেলার মতো কাউকে দরকার সেই ইঙ্গিত দিয়ে ওয়াসিম বলেন, 'যখন আমরা ১৪০ বা ১৬০ রান তাড়া করি, বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে, তখন আমাদের এমন একজনের প্রয়োজন যে দায়িত্ব নিতে পারে এবং বাকি ১০ জনকে নিজের সঙ্গে টেনে নিতে পারে। বাবরের এখনও অনেক দেওয়ার আছে, সে পাকিস্তানের জন্য অনেক কিছু অর্জন করতে পারে।'

ওয়াসিমের মতে, বাবরকে যেকোনো পজিশনেই ব্যাটিং করাতে পারবেন কোচ।