গত সোমবার আরটিভিতে প্রচার শেষ হয়েছে নাট্যনির্মাতা সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত ৬৭৬ পর্বের ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। এই ধারাবাহিকের প্রচার শেষ হওয়ার পর আজ থেকে একই চ্যানেলে একই পরিচালকের ‘ম্যানেজ মাস্টার’ নাটকটির প্রচার শুরু হচ্ছে। নাটকটি সপ্তাহের প্রতি শুক্র, থেকে সোমবার রাত ১০টায় প্রচারিত হবে। সঞ্জিত সরকার জানান, ‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকে দুটি পরিবারের দুটি গল্পই এগিয়ে যাবে। একটি গল্পে দেখা যাবে অভিনেতা যাহের আলভী বড়লোক বাবার সন্তান। একটি কারণে বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অনেক কষ্ট করে নিজেই ছোট ব্যবসা শুরু করে। একটা সময় এসে বুঝতে পারে বড় হতে হলে মানুষকে অনেক কষ্ট করতে হয়। আরেক গল্পে দেখা যাবে যে, তিন বেকার মানুষ একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। কিন্তু তারা নানান মিথ্যা বলে সেই বাড়িতে ম্যানেজ করেই তিনজন থাকতে শুরু করে। এগিয়ে যায় গল্প। ‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকের রচয়িতা ও নির্মাতা সঞ্জিত সরকার বলেন, ‘সৃষ্টিকর্তার প্রতি অসীম
কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন, যে কারণে এখনো নিজেই নাটক রচনা করতে পারছি, নির্মাণও করতে পারছি। আরটিভির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এই চ্যানেলটি আমার প্রতি ভীষণ আস্থা রাখে। যে কারণে চিটার অ্যান্ড জেন্টলম্যান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ম্যানেজ মাস্টারের প্রচার শুরু হচ্ছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, নরেশ ভূঁইয়া, শামীমা নাজনীন, ডা. এজাজুল ইসলাম, প্রাণ রায়, আরফান আহমেদ, রেশমা আহমেদ, সালহা খানম নাদিয়া, যাহের আলভী, নাবিলা বিনতে ইসলাম, মুসাফির সৈয়দ বাচ্চু, তন্ময় সোহেল, মায়মুনা মম, ইফফাত আরা তিথিসহ অনেকে। নাটকটিতে অভিনয় করা অন্যতম প্রধান একজন শিল্পী যাহের আলভী বলেন, ‘নাটকটির গল্প খুব মজার। এতটুকু বলতে পারি নাটকটি প্রচারে এলেই দর্শকের ভালোলাগা শুরু হবে। এর আগেও আমি সঞ্জিত দাদার নির্দেশনায় অভিনয় করেছি।’