দেশের সংগীত জগতে অনেকটা উড়ে এসে জুড়ে বসেছিলেন আসিফ আকবর। আজ থেকে দুই যুগেরও বেশি সময় আগে ২০০১ সালের ২৯ জানুয়ারি ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে ধুমকেতুর মতো উদয় হয়েছিলেন এই তারকা। অ্যালবামের টাইটেল সং-টি রাতারাতি ঝড় তুলে দেওয়ায় আসিফ আকবরও যেন সংগীতাকাশে নতুন এক তারা হয়ে জ¦লে ওঠেন। সিনেমা ও চলচ্চিত্রে দাপটের সঙ্গে গান করে যান তিনি। নিজেকে নিয়ে যান জনপ্রিয়তার শীর্ষে। সেই থেকে শুরু। তারপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। যদিও মাঝখানে কিছু অভিমানের কারণে গান থেকে চিরতরে বিদায়ের ঘোষণা দেন তিনি। বেশ কয়েক বছর বাণিজ্যিক গান থেকে দূরেও ছিলেন। কিন্ত ভক্ত-সহকর্মীদের বারবার অনুরোধের কারণে পুনরায় গানের জগতে ফিরে আসেন এই তারকা।
আবার চেনা ছন্দে ফিরে আসেন আসিফ আকবর। গান গাইতে গাইতে পেয়ে যান বাংলা গানের ‘য্বুরাজ’ তকমা। বর্তমানে গান নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন আসিফ। পাশাপাশি জুলাই আন্দোলন নিয়ে প্রতিনিয়ত প্রতিবাদী পোস্ট দিয়ে যাচ্ছেন। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও সংগীত পরিবেশ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার মালদ্বীপ গেলেন তিনি। গত ৬ আগস্ট এই কণ্ঠশিল্পী মালদ্বীপের উদ্দেশে রওনা দেন। আজ শুক্রবার সেখানকার হুলোমালে সিনথেটিক গ্রাউন্ডে গান শোনাবেন সংগীতের এই যুবরাজ।
আসিফ যেদিন মালদ্বীপ যান, সেদিন (৬ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় বিটিভির লাইভের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এটি ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে অনুষ্ঠিত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর কনসার্টের ভিডিও। সেখানে দেখা যায় কয়েকজন শিল্পী গান গাওয়ার সময় প্রকাশের অযোগ্য এমন কিছু ইংরেজি অশালীন শব্দ উচ্চারণ করেছেন।
এ কনসার্টটি বিটিভি সরাসরি প্রচার করেছিল। বিটিভির মতো রাষ্ট্রীয় একটি চ্যানেলে এ ধরনের অশালীন ভাষার গান ও শব্দ প্রচার করা নিয়ে উঠেছে বিতর্ক। সমাজ মাধ্যমে চলছে সমালোচনা। এই সমালোচনায় যোগ দিয়েছেন দেশের অনেক তারকাও। ভিডিওটি শেয়ার করে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘হিপহপের নামে অসভ্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে যায় না।’ সবশেষে আসিফ লিখেছেন, ‘সাধু সাবধান’।
আসিফের এই স্ট্যাটাসের সঙ্গে তার অনুরাগীদের অধিকাংশই সহমত প্রকাশ করেছেন। মেহেদী হাসান নামে একজন মন্তব্য করে লিখেছেন, ‘এমন অশ্লীল গান বিটিভিতে প্রচার করল কীভাবে?’ সোহেল মেহেদি নামের একজন লিখেছেন, ‘খুবই বাজে, এটা মোটেই শোভন নয়। এগুলো যারা যুক্ত করেছে তাদের শক্ত করে ধরা উচিত।’
কামরুল হাসান নামের একজন লিখেছেন, ‘অপসংস্কৃতি বহুকিছুই আমরা গ্রহণ করেছি। সেটা যাই হোক, রাষ্ট্রীয় টেলিভিশনে হিপহপের সম্প্রচার ভালো হয়নি। হয়তো বোঝেও নাই তাদের লিরিক্স কেমন হতে পারে। জুলাই স্পিরিট তো আছেই, কেই বা রিস্ক নেবে।’
এই ভিডিওটি শেয়ার করে নতুন প্রজন্মের সংগীতশিল্পী সিঁথি সাহাও একটি স্ট্যাটাস দিয়েছেন। অন্যদিকে গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মানিক মিয়া অ্যাভিনিউতে যে কনসার্ট হলো, সেখানকার একটা ভিডিও দেখলাম। একদল ছাপড়ি ইংলিশে “ফা*কিং গাইজ” না কী যেন বলল। এই স্তরের খাঁটি ছাপড়ি কীভাবে উন্মুক্ত কনসার্টে উঠতে পারে?’
সম্প্রতি ‘যত ভালোবাসি তোরে’ নামে নতুন গান প্রকাশ পেয়েছে আসিফ আকবরের। রোমান্টিক ঘরানার এ গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ ম-ল, সুর ও সংগীত করেছেন অমিত কর। আর এ গানের সঙ্গে মানানসই করে ভিডিওতেও ফুটিয়ে তোলা হয়েছে প্রেমের আবহ। এ গানটিই মালদ্বীপে পরিবেশন করবেন এ সংগীতশিল্পী। এখন দেখার পালা, নতুন গান কতটা জায়গা করে নেয় শ্রোতাদের মনে।
আসিফের আরেকটি গান ‘ভীষণ কান্না পায়’ এর আগে ১০ জুলাই প্রকাশ করা হয়েছিল। গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম, সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। এই গানের ভিডিওতে নিজেই অংশ নেন তিনি। এটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান, ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম। এর আগে গত কোরবানির ঈদে আসিফ আকবর প্রকাশ করেছিলেন বিশেষ একটি দ্বৈত গান ‘মন যে ছুঁয়েছে মন’। সেখানে তার সঙ্গে গেয়েছেন ভারতীয় গায়িকা সাধনা সারগাম। আর গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন রাজা কাশেফ। ভিডিও নির্মাণে ছিলেন চন্দন রায় চৌধুরী এবং প্রযোজনায় ছিলেন সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। এতে মডেল হিসেবে ছিলেন মৌরি মাহদি।