ফেনীর ফুলগাজীতে অভ্যন্তরীণ কোন্দলের জেরে মীর হোসেন মীর (৪৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় মুন্সিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম কালাকে প্রধান ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এনামুল হক রেদোয়ানকে ২ নম্বর আসামি করে আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গতকাল শুক্রবার সকালে ফুলগাজী থানার ওসি লুৎফর রহমান মামলার এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী মীর হোসেন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মান্দারপুর এলাকার লেদু মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, টিআর-কাবিখা উন্নয়ন প্রকল্পের কাজের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সাত দিন পর ভুক্তভোগী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে ফেনীর ফুলগাজী থানায় এ মামলা করেন।
গত ২৯ জুলাই বিকেলে মীর হোসেন ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের পাশে গাইনবাড়ি এলাকায় তার নিজ দোকানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন লোক এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।