চট্টগ্রাম উপকূলে ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরা ট্রলার ডুবে আট জেলে নিখোঁজ রয়েছেন। ১১ জনকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি নৌকার মাঝিরা উদ্ধার করেছেন।

গত বৃৃহস্পতিবার দুপুরে একটি নৌযানের ধাক্কায় মাছ ধরা ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে তল্লাশি চালাচ্ছে কোস্ট গার্ড। ডুবে যাওয়া ট্রলারটিতে ১৯ জেলে ছিলেন।

নিখোঁজ জেলেরা নোয়াখালীর বাসিন্দা। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস।

এ প্রসঙ্গে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দীন গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দেশ রূপান্তরকে বলেন, ‘বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরা ট্রলারডুবির ঘটনায় শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত আটজন নিখোঁজ রয়েছেন বলে আমরা জানতে পেরেছি।’

এর আগে শুক্রবার দুপুর ১টায় কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব সংবাদমাধ্যমকে বলেন, ট্রলারের মালিক সকালে বিষয়টি কোস্ট গার্ডকে জানিয়েছেন। এরপর নিখোঁজ জেলেদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে কোস্ট গার্ড। ডুবে যাওয়া ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ গতকাল বলেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে নৌযানটি গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল। দুপুরে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। নৌযানে থাকা ১১ জনকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি নৌকা উদ্ধার করেছে, তবে এ পর্যন্ত আটজনকে পাওয়া যায়নি।