খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়ায় মাটির দেয়াল ধসে চাপা পড়ে আনারতি তরফদার (৬৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে বৃদ্ধার নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। তিনি আটলিয়া ইউনিয়নের মুড়াবুনিয়া গ্রামের অমূল্য তরফদারের স্ত্রী।
তার ছেলে শিক্ষক অসিত তরফদার জানান, বৃহস্পতিবার রাতে মুড়াবুনিয়া গ্রামের নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন তার মা আনারতি। রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার দুপুরে কুলবাড়িয়া মহাশ্মশানে তার সৎকার সম্পন্ন হয়। এলাকাবাসী জানায়, গত কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে মাটির দেয়াল ও টিনের ছাউনির ঘরটি ভঙ্গুর হয়ে পড়ে।