পোশাক খাতের চাহিদা পূরণ করছে দেশীয় এক্সেসরিজ

তৈরি পোশাকসহ রপ্তানিমুখী একাধিক শিল্পের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান এবং প্যাকেজিং সামগ্রী তৈরি ও সরবরাহে শতভাগ চাহিদা পূরণ করেছে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাত। গতকাল শনিবার রাজধানীর বনানী হোটেল শেরাটনে এক কর্মশালায় এ দাবি করেন, খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার।

অনুষ্ঠানে সুইসকন্টাক্ট ও বিজিএপিএমইএর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সুইসকন্টাক্টের পক্ষে স্বাক্ষর করেন ইন্সপায়ার প্রকল্পের টিম লিডার বিদোয়ারা তাহমিনা খান এবং বিজিএপিএমইএর পক্ষে সভাপতি মো. শাহরিয়ার। কর্মশালায় বিজিএপিএমইএর শীর্ষ কর্মকর্তা, পরিচালক, প্রাক্তন সভাপতি, সহসভাপতিসহ বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মো. শাহরিয়ার বলেন, গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টর শুধু তৈরি পোশাকশিল্প নয়, বরং হিমায়িত খাদ্য, পাদুকা, ওষুধ, চামড়া, সিরামিকসহ একাধিক রপ্তানিমুখী শিল্পের শতভাগ প্যাকেজিং চাহিদা পূরণ করে আসছে। শিল্পটিকে আধুনিক প্রযুক্তি, কমপ্লায়েন্স ও প্রতিযোগিতামূলক সক্ষমতার মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

আয়োজকরা জানান, গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজ খাতের কারখানার গ্রিন গ্রোথ এবং রেসিলিয়েন্স সুসংহত করার লক্ষ্যে সুইজারল্যান্ড ও সুইডেনভিত্তিক উন্নয়ন সংস্থা ‘সুইসকন্টাক্ট’ এবং বিজিএপিএমইএ যৌথ উদ্যোগে অর্ধদিবসব্যাপী কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় দক্ষতার মাধ্যমে তৈরি পোশাক খাতে পরিবেশবান্ধব প্রবৃদ্ধি (পিআরওজিআরইএসএস) এবং বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে দক্ষ সম্পদ ব্যবস্থাপনার উদ্যোগ (ইনএসপিআইআরই)-সংক্রান্ত দুটি প্রকল্পের কার্যক্রম ও সম্ভাবনা তুলে ধরা হয়। সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (এসআইডিএ) ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) অর্থায়নে প্রকল্প দুটি বাস্তবায়ন করছে সুইসকন্টাক্ট।