‘লোকসানি বন্দর বন্ধ করে দেওয়া হবে’

যেসব স্থলবন্দর দিয়ে তেমনভাবে আমদানি-রপ্তানি হয় না কিন্তু বন্দর বানিয়ে রাখা হয়েছে, লোকসানে চলছে সেসব বন্দর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। গতকাল শনিবার বেলা ১১টায় হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের ২৪টি স্থলবন্দরের মধ্যে ৮টি বন্দর বন্ধ করতে চেয়েছিলাম, ইতিমধ্যে চারটি বন্ধ করতে পেরেছি। বাকি ২০টি বন্দর রয়েছে। এর মধ্যে কার্যকর ১২ থেকে ১৪টির বেশি নেই। এসব বন্দরকে আধুনিকায়ন করে কী হবে, এক পয়সা যেখানে আয় নেই, সারা বছর যেখানে ১০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় অথচ খরচ তো হচ্ছে এর চেয়ে অনেক বেশি। যেগুলো কার্যকরী ও বড় বন্দর সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। এ ছাড়া আরও কিছু নদীবন্দর রয়েছে এগুলোকেও আমরা এভাবে বেসরকারি খাতে পরিচালনার জন্য দেওয়ার চেষ্টা করছি।