পুনর্নিয়োগের দাবিতে চাকরিচ্যুত ৩৫ কর্মীর সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩৫ কর্মচারী হঠাৎ চাকরিচ্যুত হওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে পুনর্নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার দুপুরে শহরের মানবকল্যাণ পরিষদের হলরুমে ‘বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, ঠাকুরগাঁও’য়ের ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়।

এ সময় লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২০-২১ অর্থবছর থেকে ওয়ার্ড বয়, ওটি বয়, সিকিউরিটি গার্ড, আয়া, বাবুর্চি, পরিচ্ছন্নতাকর্মী ও লিফট অপারেটর হিসেবে কর্মরত ৩৫ কর্মচারী করোনাকাল, ডেঙ্গু ও অন্যান্য দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে এসেছেন। এ বিষয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মনজুরুল ইসলাম বলেন, ‘তাদের আমরা বাতিল করার কেউ না। তারা আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগকৃত।’ এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান শারমির স্বত্বাধিকারী আশরাফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।