জবি ছাত্রদলের সদস্যসচিব আরেফিনের ফেসবুক পোস্টের বিরুদ্ধে মানববন্ধন 

ইসলামের ফরজ বিধান ‘পর্দা’ ও নারীদের নিয়ে কটূক্তি করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হুমাইরা তার বক্তব্যে বলেন, ৯৪% মুসলিমের দেশে ফরজ বিধান নিয়ে কুরুচিশীল মন্তব্য মুসলিম করতে পারে না।  খাটো পোশাকের স্বাধীনতা থাকলে আমরা কেন নিজের পর্দা করার স্বাধীনতা পাব না।  

নাট্যকলা বিভাগের ২০তম আবর্তনের শিক্ষার্থী নুসরাত জাহান তিশা বলেন, পর্দা আমার অহংকার। পর্দা নিয়ে মন্তব্য সুস্থ মানসিকতার অধিকার না। আর কেউ যেন এটা না করে। 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরে এখন ও এমন সমস্যা ফেস করতে হয়, এটা দুঃখজনক। বড় দলের রাজনীতিবিদের এমন রাজনীতি মানায় না। মা বোনদের নিয়ে এমন মন্তব্য তাদের মুখে মানায় না। আমাদের চাওয়া থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর ব্যবস্থা নিবে। শামসুল আরেফিনকে ক্ষমা চাইতে হবে জনসম্মুখে।  

যোগাযোগ করা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সদস্য সচিব শামসুল আরেফিন জানায়, নারী ও পর্দা নিয়ে কোন মন্তব্য করা হয়নি। মিথ্যা তথ্য প্রচার করে ধর্মকে ব্যবহার করছে একটা সংগঠন।

উল্লেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে ছাত্রী সংস্থার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, স্যারের জন্য কয়টা তালি"। সেই পোস্টে জিএমএস আহমেদ রেজা নামে এক ফেইসবুক আইডি থেকে কমেন্ট করা হয়, "ভাই, ছবিতে সমস্যাটা কোথায়? রাজনীতি করবেন, এতোটোকু সেন্স রাখবেন না কোথায় সমালোচনা বা ট্রল করতে হয় আর কোথায় না?"