কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) জসিম উদ্দিনকে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে বিস্ফোরক পোস্ট দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি। তার এ পোস্ট ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দেওয়া ওই পোস্টে জসিম উদ্দিনকে নিয়ে এমন মন্তব্য করেন যুবদল নেতা রনি। পরে পোস্টের মন্তব্যের ঘরে বিভিন্নজন নানা ধরনের প্রতিক্রিয়া জানান। কেউ তাঁর মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন, আবার কেউ শুধু ছবি দেখে কাউকে দালাল আখ্যা দেওয়ার সমালোচনা করেন।
সাইমন নামে একজন মন্তব্য করেন, ওনাকে কোনোরকম কালীরবাজারে নিয়ে আসেন, হেতে নাকি কলীরবাজারকে নিয়ে কংকশনগর উপজেলা করব।’লমো. আব্দুস সালাম নামে আরেকজন লেখেন, দু-একটা ছবি দিয়ে কি দালাল নির্ধারণ করা যায় ভাইয়া? কারণ, দোসর আওয়ামী লীগ তো মানুষকে জিম্মি করেও ছবি তুলছে। রাজপথ কী বলে, তা-ও দেখতে হবে।
জুয়েল রানা নামে একজন মন্তব্য করেন, তার সঙ্গে জেলা ও শহরের আওয়ামী লীগের বড় নেতাদের যোগসাজশ আছে, তাঁরা আবার মুরুব্বির সঙ্গে থাকেন। আওয়ামী লীগের দালাল জসিম। নিলয় রাজ নামে আরেকজন লেখেন, মাদকের টাকা সিস্টেমে খাই, আবার শুনি ডিলারও। এখন তো দেখি দালাল ৪২০। এই লোক কীভাবে এমপি হলো, আল্লাহ ভালো জানেন।
এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) সাইফুল ইসলাম রনি বলেন, সে আওয়ামী লীগের দালাল। তার পিএসও আওয়ামী লীগ করত। সে আজীবন আওয়ামী লীগের দালালি করেছে। নির্বাচনের পর এখন দলের কর্মীদের মূল্যায়ন করে না।
অন্যদিকে পুরো ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন সংসদ সদস্য জসিম উদ্দিন। তিনি বলেন, সরকার ও জনগণ যে কাজ দিয়েছে, তা নিয়ে ব্যস্ত থাকতে হয়। নেতাদের প্রতি একটু ইয়ে থাকলে যা হয়। আমি তার কল ধরিনি বলে হয়তো এমন করেছে। আমি প্রতিহিংসার রাজনীতি করি না। আমি কী করি, সব আল্লাহ দেখেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জসিম উদ্দিন। দীর্ঘদিন ধরে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।