চাচার হাতে ভাতিজা খুন

চাঁদপুরের ফরিদগঞ্জে টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ওমান ফেরত ভাতিজা বাবু (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত বাবুর বাবা রওশন গ.াজী ও ভাই আরমান হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার বড়গাঁও এলাকার গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী চাচা হাসান গাজীকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনার পরপরই হাসান গাজীর দুই ছেলে শাকিল ও রাকিব গা ঢাকা দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশে যাওয়ার টাকা লেনদেন নিয়ে ভাতিজা বাবুর সঙ্গে হাসানের বিরোধ হয়। এ ঘটনায় সোমবার দুপুরে হাসান ও তার দুই ছেলে উত্তেজিত হয়ে বাবু, তার ভাই ও বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে বাবু মারা যান। গুরুতর অবস্থায় আরমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজন পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।